২০ আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

হুথিদের বিরুদ্ধে ১,১২২টি হামলার দাবি ইয়েমেনি বাহিনীর

Published: October 5, 2026, 11:36 am

ইয়েমেনের সরকারপন্থি বাহিনী হুথিদের অবস্থানে বড় ধরনের অভিযানের অংশ হিসেবে ১,১২২টি হামলা চালানোর দাবি করেছে। এসব হামলার মূল লক্ষ্য ছিল হুথিদের কামানের অবস্থান, রকেট উৎক্ষেপণকেন্দ্র এবং তাদের কমান্ড ও নিয়ন্ত্রণ কেন্দ্রগুলো।

বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মাজিদ আবদুল্লাহ আল-নুজাইলি এক্স হ্যান্ডেলে এক পোস্টে জানান, সাদা, আল-জাওফ, তাইজ ও উপকূলীয় অঞ্চলসহ বিভিন্ন এলাকায় এই অভিযান চালানো হয়েছে। অভিযানে যুদ্ধবিমান, ড্রোন, ক্ষেপণাস্ত্র, রকেট, কামান ও স্নাইপার ব্যবহার করা হয়েছে বলে তিনি দাবি করেন।

আল-নুজাইলির তথ্য অনুযায়ী, এসব হামলায় প্রায় ১,৭৪৭ জন হুথি যোদ্ধা নিহত হয়েছেন। আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেনি সরকার হুথি নিয়ন্ত্রিত এলাকাগুলো পুনর্দখলের লক্ষ্য নিয়ে এই সামরিক তৎপরতা শুরু করেছে। তবে যুদ্ধক্ষেত্রের এসব ক্ষয়ক্ষতির দাবির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।