১৩ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

সাকিবকে মেন্টর হিসেবে কাজে লাগানো উচিত: ইয়ান বিশপ

Published: October 29, 2026, 10:50 pm

দেশের ক্রিকেটের ইতিহাসে অন্যতম সফল ও কিংবদন্তি ক্রিকেটার সাকিব আল হাসান। আন্তর্জাতিক ক্যারিয়ারে অগণিত রেকর্ড গড়ার পাশাপাশি তিনি রাজনীতির ময়দানেও পা রেখেছিলেন। আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মাগুরা-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন তিনি। তবে ২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর পরিস্থিতি সম্পূর্ণ পাল্টে যায় এবং এই বিশ্বসেরা অলরাউন্ডার এখন ভিন্ন এক বাস্তবতার মুখোমুখি। ক্রিকেট থেকে অবসরের আগে রাজনীতিতে অংশ নিয়ে আওয়ামী লীগের নৌকার প্রতীকে মাগুরা-১ আসন থেকে সংসদ সদস্য হন। আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর থেকে একের পর এক রেকর্ড গড়ে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন সাকিব।

দেশের ক্রিকেটের সামগ্রিক উন্নয়নে সাকিব আল হাসানের মতো অভিজ্ঞ খেলোয়াড়দের জ্ঞানকে কাজে লাগানোর পরামর্শ দিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের সাবেক তারকা ক্রিকেটার ও জনপ্রিয় ধারাভাষ্যকার ইয়ান বিশপ। বর্তমানে তিনি মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে চলমান সিরিজের ধারাভাষ্য দিতে ঢাকায় অবস্থান করছেন। মাহমুদউল্লাহ রিয়াদের এইচপি দলের মেন্টর হিসেবে দায়িত্ব পালন এবং তামিম ইকবালের বিসিবি সভাপতির দায়িত্ব গ্রহণের প্রেক্ষাপটে বিশপের কাছে জানতে চাওয়া হয়েছিল, সাকিবকে কোচ বা মেন্টর হিসেবে কাজে লাগানো যায় কিনা?

সাকিবের বর্তমান অবস্থা নিয়ে বিশপ বলেন, ‘সাকিব কেন এখানে নেই, সে বিষয়ে বিস্তারিত জানার মতো অবস্থানে আমি নেই। গণমাধ্যমে প্রকাশিত খবরের বাইরে বিষয়টির জটিলতা সম্পর্কে আমার তেমন ধারণা নেই, তাই এ বিষয়ে মন্তব্য করা ঠিক হবে না।’ তবে ব্যক্তি সাকিবের বাইরের দিকটি তিনি এড়িয়ে গেলেও, নিজ দেশের সাবেক তারকা ক্রিকেটারদের উদাহরণ টেনে অভিজ্ঞদের ব্যবহারের ওপর জোর দেন তিনি। সেখানে সাকিবের ব্যাপারে প্রশ্ন করা হলে সরাসরি মন্তব্য রাজি হননি বিশপ।

বিশপ জানান, ক্যারিবীয় অঞ্চলে ব্রায়ান লারা, কার্টলি অ্যামব্রোস, মাইকেল হোল্ডিং, জোয়েল গার্নার ও গর্ডন গ্রিনিজের মতো কিংবদন্তিরা রয়েছেন। কাইরন পোলার্ড, ডোয়াইন ব্রাভো কিংবা ড্যারেন স্যামির মতো খেলোয়াড়দের অভিজ্ঞতা কীভাবে কাজে লাগানো হচ্ছে, তার উদাহরণ দিয়ে তিনি বলেন, ‘তারা জাতীয় দলের ক্রিকেটারদের পাশাপাশি স্কুল পর্যায়ের শিশুদেরও পরামর্শ দিয়ে থাকেন। এতে তৃণমূল থেকে জাতীয় পর্যায় পর্যন্ত ক্রিকেট ব্যবস্থা শক্তিশালী হয়।’ তিনি আরও যোগ করেন, বহু বছরের অভিজ্ঞতায় অর্জিত জ্ঞান যেন হারিয়ে না যায়, তা নিশ্চিত করা জরুরি। বাংলাদেশেও এই ধারা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন বিশপ।