৬ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

এক্স-এর নতুন বোনাস: ১৫ ভিডিওতে মিলবে ৩ হাজার ডলার

Published: October 22, 2026, 6:44 pm

ভিডিও নির্মাতাদের জন্য সুখবর নিয়ে এসেছে ইলন মাস্কের প্ল্যাটফর্ম এক্স। তারা ‘ভিডিও কিকস্টার্ট বোনাস’ নামে একটি নতুন কর্মসূচি শুরু করেছে। এই উদ্যোগের আওতায় ৩০ দিনের মধ্যে ১৫টি মৌলিক ভিডিও পোস্ট করলেই নির্মাতারা ৩ হাজার ডলার বা প্রায় ৩ লাখ ৬৯ হাজার টাকা (প্রতি ডলার ১২৩ টাকা ধরে) উপার্জনের সুযোগ পাবেন। তবে বর্তমানে এটি পরীক্ষামূলকভাবে শুধুমাত্র আমন্ত্রিত নির্মাতাদের জন্য চালু করা হয়েছে। তবে চাইলেই যে কেউ এই অর্থ পাবেন না।

প্রথাগত মনিটাইজেশন পদ্ধতিতে ভিউ বা লাইকের ওপর ভিত্তি করে আয়ের পরিমাণ নির্ধারণ করা হলেও, এই নতুন কর্মসূচিতে নির্ধারিত শর্ত পূরণ করাই যথেষ্ট। এখানে কোনো নির্দিষ্ট ভিউ কাউন্টের বাধ্যবাধকতা নেই। আগ্রহী নির্মাতাদের অবশ্যই ভিন্ন ভিন্ন দিনে অন্তত ১৫টি ভিডিও পোস্ট করতে হবে; অর্থাৎ একদিনে একাধিক ভিডিও দিলে তা গণ্য হবে না। ভিডিওগুলো হতে হবে ভার্টিক্যাল বা খাড়াভাবে ধারণকৃত এবং দৈর্ঘ্য অবশ্যই তিন মিনিটের কম হতে হবে। নির্মাতারা অন্য প্ল্যাটফর্মে দেওয়া ভিডিও এক্সে ব্যবহার করতে পারবেন, তবে তাতে কোনো ওয়াটারমার্ক থাকা চলবে না এবং অন্যের কনটেন্ট পুনরায় আপলোড করা নিষিদ্ধ। তবে সেসব ভিডিওতে অন্য প্ল্যাটফর্মের ওয়াটারমার্ক থাকা যাবে না।

প্ল্যাটফর্মটি জানিয়েছে, মানসম্মত ভিডিও তৈরিতে নির্মাতাদের উৎসাহিত করতেই এমন পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে এই বোনাস সবার জন্য উন্মুক্ত নয়। কারা আমন্ত্রণ পাবেন বা এর পেছনে নির্দিষ্ট মানদণ্ড কী, তা এখনো স্পষ্ট করেনি এক্স কর্তৃপক্ষ। যারা আমন্ত্রণ পেয়েছেন, তাদের অবশ্যই আগামী ৩০ অক্টোবরের মধ্যে এক্সের ক্রিয়েটর স্টুডিওর ‘প্রোগ্রামস’ বিভাগে গিয়ে নিবন্ধন সম্পন্ন করতে হবে।

উল্লেখ্য, এক্সের প্রচলিত ‘অরিজিনাল কনটেন্ট রিওয়ার্ডস’ প্রোগ্রামের সঙ্গে এই বোনাসের পার্থক্য রয়েছে। আগের প্রোগ্রামে প্রিমিয়াম সাবস্ক্রিপশন, অন্তত ৫০০ ভেরিফায়েড অনুসারী এবং নির্দিষ্ট পরিমাণ ইমপ্রেশনের মতো কঠিন শর্ত পূরণের বাধ্যবাধকতা থাকে। কিন্তু ভিডিও কিকস্টার্ট বোনাসের ক্ষেত্রে এই ধরনের কঠোর নিয়ম প্রযোজ্য নয়। পরীক্ষামূলক এই কর্মসূচি ভবিষ্যতে সাধারণ ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করা হবে কি না, সে বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত জানায়নি কর্তৃপক্ষ। অরিজিনাল কনটেন্ট রিওয়ার্ডসের জন্য ব্যবহারকারীদের প্রিমিয়াম সাবস্ক্রিপশন, সর্বনিম্ন ৫০০ ভেরিফায়েড অনুসারী এবং নির্দিষ্টসংখ্যক ইমপ্রেশনসহ বেশ কিছু যোগ্যতা থাকতে হয়।