১১ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

সৌদির তেল শোধনাগারে হামলার দাবি হুতি বিদ্রোহীদের

Published: October 27, 2026, 6:25 pm

ইয়েমেনের ইরানপন্থি হুতি বিদ্রোহীরা সৌদি আরবের বৃহত্তম তেল শোধনাগার রাস তানুরায় হামলার দাবি করেছে। গত মঙ্গলবার (২৭ অক্টোবর) গোষ্ঠীটির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি এক বিবৃতিতে জানান, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে এই হামলা চালানো হয়েছে, যার ফলে স্থাপনাটিতে আগুন ধরে যায়। পারস্য উপসাগরের তীরে অবস্থিত এই শোধনাগারটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ সৌদি আরবের অধিকাংশ তেল এখান থেকেই রপ্তানি করা হয়।

ঘটনার পর ব্লুমবার্গ নিউজের একটি সূত্র জানিয়েছে, দিনের প্রথম ভাগে রাস তানুরার তেল টার্মিনালের কাছে লাগা আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। তবে এই অগ্নিকাণ্ড হুতিদের দাবি করা ক্ষেপণাস্ত্র হামলার কারণে ঘটেছে কি না, তা স্বতন্ত্রভাবে নিশ্চিত হওয়া যায়নি। সৌদি কর্তৃপক্ষ এখন পর্যন্ত হামলার বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য জানায়নি। অতীতেও লোহিত সাগরের ইয়ানবু বন্দরের পাশাপাশি রাস তানুরায় হুতিদের হামলার রেকর্ড রয়েছে।