
নোয়াখালীর সোনাইমুড়ীতে একটি অস্ত্র তৈরির কারখানায় অভিযান চালিয়ে মো. সাইফুল ইসলাম ওরফে শাকের নামের এক কারিগরকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। উদ্ধার করা হয়েছে একটি দেশীয় তৈরি একনলা বন্দুক এবং অস্ত্র তৈরির বিপুল সরঞ্জাম। বৃহস্পতিবার দুপুরে বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছে জেলা পুলিশ।
পুলিশ সূত্র জানায়, বুধবার সন্ধ্যায় সোনাইমুড়ী উপজেলার দেওটি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের আকরাম উদ্দিন হাজীর বাড়ির কাচারিঘরে এ গোপন অভিযান পরিচালিত হয়। গ্রেপ্তার সাইফুল ইসলাম ওই এলাকার মমিন উল্লার ছেলে। পুলিশ সুপার কার্যালয়ের নির্দেশে এবং ডিবির তত্ত্বাবধানে উপপরিদর্শক (এসআই) মো. ওসমান গনির নেতৃত্বে টিমটি এ অভিযান চালায়।
অভিযানকালে শাকেরকে আটকের পর তার দেওয়া তথ্যের ভিত্তিতে কাচারিঘরে তল্লাশি চালানো হয়। সেখান থেকে একনলা বন্দুকের পাশাপাশি বন্দুকের কাঠের ও লোহার বাট, বডির অংশ, ট্রিগার, বোল্ট এবং এসএস স্টিলের আটটি অংশ পাওয়া যায়। এ ছাড়া অস্ত্র তৈরির কাজে ব্যবহৃত তিনটি প্লাস, তারসহ একটি গ্রাইন্ডিং মেশিন ও তিনটি রেত জব্দ করে পুলিশ।
এ ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু তৈয়ব মো. আরিফ হোসেন জানান, আটক আসামির বিরুদ্ধে সোনাইমুড়ী থানায় অস্ত্র আইনে মামলা দায়ের হয়েছে। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে।





