
রাজধানীর ভাটারা থানার পুলিশ হাউজিং আবাসিক এলাকায় নিজের বাসায় অবৈধ মাদক সেবন ও ডিজে পার্টির আয়োজনের অভিযোগে পুলিশের অতিরিক্ত ডিআইজি আব্দুল্লাহ আল জহিরকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বরখাস্ত থাকা অবস্থায় তাকে রাঙামাটির বেতবুনিয়ায় অবস্থিত পুলিশ স্পেশাল ট্রেনিং স্কুলে (পিএসটিএস) সংযুক্ত করা হয়েছে।
শনিবার (৩১ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এই সিদ্ধান্ত জানানো হয়।
প্রজ্ঞাপনের তথ্যানুযায়ী, গত ১৯ অক্টোবর ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবি) উত্তর অঞ্চলের একটি দল আব্দুল্লাহ আল জহিরের ভাটারা এলাকার বাসায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানকালে সেখানে অবৈধ মাদক সেবন ও ডিজে পার্টি চলছিল। ডিবির ওই অভিযানে ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ মদ, ইয়াবা, গাঁজা এবং মাদক সেবনের প্রয়োজনীয় সরঞ্জাম উদ্ধার করা হয়। একই সাথে ২৬ জন নারীসহ সর্বমোট ৮৫ জনকে আটক করার তথ্য গণমাধ্যম ও বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এ ঘটনায় ২৬ জন নারীসহ মোট ৮৫ জনকে আটকের বিষয়টি বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত হয়।
প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা জনমনে পুলিশ বাহিনীর প্রতি নেতিবাচক মনোভাব তৈরি করেছে এবং বাংলাদেশ পুলিশের ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষুণ্ন করেছে। এমন কর্মকাণ্ড বিভাগীয় নিয়ম- শৃঙ্খলা ও শিষ্টাচারের পরিপন্থি এবং চরম অদক্ষতার শামিল। ফলে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর ১২(১) বিধি অনুসরণে গত ২৫ অক্টোবর থেকে আব্দুল্লাহ আল জহিরকে সাময়িক বরখাস্তের আদেশ দেওয়া হয়। বরখাস্তকালীন সময়ে তিনি নিয়ম অনুযায়ী খোরপোষ ভাতা প্রাপ্য হবেন।





