
রাজধানীর ওয়ারীর একটি বাসায় বিশেষায়িত ল্যাব স্থাপন করে সিনথেটিক মাদক ‘কুশ’ চাষের ঘটনায় ২২ বছর বয়সী তৌসিফ হাসানকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। রবিবার সকাল সাড়ে ৮টা থেকে ৯টার মধ্যে ওয়ারী থানার র্যাংকিন স্ট্রিটের নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সম্প্রতি তিনি যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেছিলেন। অবশেষে গতকাল তাঁকে গ্রেপ্তার করা হয়।
তদন্তসংশ্লিষ্টরা জানান, যুক্তরাষ্ট্রে অবস্থানকালে তৌসিফ কুশ চাষের আধুনিক কৌশলগুলো রপ্ত করেন। এরপর দেশে ফিরে তিনি নিজের বাসায় একটি বিশেষায়িত ল্যাব তৈরি করেন। প্রযুক্তির সহায়তায় বিদেশ থেকে দূরনিয়ন্ত্রিতভাবেই তিনি এই ল্যাবের তাপমাত্রা নিয়ন্ত্রণ ও কার্যক্রম পরিচালনা করতেন। তার এই অবৈধ কর্মকাণ্ডে এক বান্ধবী তাকে সহযোগিতা করতেন বলেও অভিযোগ রয়েছে।
ডিএনসির সূত্রে জানা যায়, গত জানুয়ারিতে আন্তর্জাতিক কুরিয়ার সার্ভিসের মাধ্যমে যুক্তরাষ্ট্রে ইয়াবা পাচারের চেষ্টার ঘটনা তদন্ত করতে গিয়ে তৌসিফের বাসার সন্ধান মেলে। সেই সময় ওই ল্যাব থেকে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া থেকে আনা কুশের বীজ, চাষ করা গাছ, সংগৃহীত কুশ ও নানা উপকরণ উদ্ধার করা হয়। বাসার ছাদে টিন ও ফয়েল পেপারের সাহায্যে তাপমাত্রা নিয়ন্ত্রিত কক্ষেও কুশ চাষের প্রমাণ মিলেছিল। সে সময় ল্যাবে সিসা সেবনের সরঞ্জাম ও বিদেশি মদ পাওয়া গিয়েছিল।
এর আগে গত জানুয়ারিতে তৌসিফের বান্ধবী ও বাসার তত্ত্বাবধায়ককে গ্রেপ্তার করা হয়েছিল। ভুয়া পরিচয় ব্যবহার করে ৩২টি ইয়াবা যুক্তরাষ্ট্রে পাঠানোর চেষ্টায় টঙ্গী পশ্চিম থানায় দায়ের করা মামলায় তৌসিফ পলাতক আসামি ছিলেন। তাকে ধরতে দীর্ঘ সময় নজরদারি চালিয়েছে ডিএনসি। গ্রেপ্তার পরবর্তী ডোপ টেস্টে তার শরীরে মেথামফিটামিন ও ক্যানাবিনয়েডের উপস্থিতি পাওয়া গেছে। অভিযানকালে তার কাছ থেকে ১০টি ইয়াবা, ১০০ গ্রাম গাঁজা ও মাদক সেবনের সরঞ্জাম জব্দ করা হয়েছে। ডিএনসি জানায়, দীর্ঘদিন ধরে তৌসিফের অবস্থান শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছিল।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তৌসিফ ঢাকার মাদক ব্যবসায়ীদের কাছে কুশ ও ইয়াবা সরবরাহের সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তার মাদকের উৎস ও সহযোগীদের সম্পর্কে বিস্তারিত অনুসন্ধান চলছে। জব্দ করা ইয়াবা ও গাঁজা রাখার দায়ে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ওয়ারী থানায় নতুন মামলা হয়েছে। এছাড়া কুশ ল্যাবসংক্রান্ত আগের পলাতক মামলায়ও তাকে গ্রেপ্তার দেখানো হবে বলে ডিএনসি নিশ্চিত করেছে। উদ্ধার করা ইয়াবা ও গাঁজা নিজের হেফাজতে রাখার অভিযোগে তৌসিফের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী ওয়ারী থানায় মামলা হয়েছে।





