
কাতারের তরলীকৃত প্রাকৃতিক গ্যাস বা এলএনজি পরিবাহী একটি জাহাজে হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে সৌদি আরব। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত এক বিবৃতিতে এই অবস্থান স্পষ্টভাবে তুলে ধরে।
রোববার আল জাজিরার প্রতিবেদনে জানানো হয়, বৈশ্বিক জ্বালানি সরবরাহ এবং সামুদ্রিক নৌ চলাচলের নিরাপত্তাকে হুমকির মুখে ফেলে—এমন সব ধরনের তৎপরতা দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করে রিয়াদ। পাশাপাশি আন্তর্জাতিক বাণিজ্য ও জলপথের নিরাপত্তা বজায় রাখতে দেশটি কাতারকে পূর্ণ সমর্থন ও সংহতি জানিয়েছে।
কাতার গ্যাস ট্রান্সপোর্ট কোম্পানির মালিকানাধীন ও পরিচালিত ‘আল মায়েদা’ নামের এলএনজি জাহাজটি উপসাগরীয় অঞ্চলে হামলার মুখে পড়ে। উদ্ভূত পরিস্থিতিতে আন্তর্জাতিক আইন রক্ষা এবং নৌপথের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়কে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে সৌদি আরব।





