৩ আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

ওমানে অবৈধ অভিবাসীদের বৈধ হওয়ার বিশেষ সুযোগ

Published: September 18, 2026, 7:58 pm

ওমানে অবস্থানরত অবৈধ বিদেশি কর্মীদের নিয়মিতকরণের লক্ষ্যে বিশেষ সুযোগ ঘোষণা করেছে দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। মাস্কাটে বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, আকাবা-ব্যবস্থার আওতায় এই বৈধকরণ প্রক্রিয়া পরিচালিত হচ্ছে। গৃহকর্মীসহ ওমানে বর্তমানে অবৈধভাবে বসবাসকারী বিদেশি কর্মীরা এবং ভিজিট ভিসায় এসে মেয়াদোত্তীর্ণ হওয়া ব্যক্তিরা এই সুবিধার আওতায় আবেদন করতে পারবেন। তবে এই কর্মসূচির আওতায় পরিবারের সদস্যরা অন্তর্ভুক্ত থাকবেন না। আগ্রহী কর্মীদের আগামী ১ অক্টোবরের মধ্যে এই প্রক্রিয়ায় আবেদনের আহ্বান জানিয়েছে দূতাবাস।

নতুন এই ব্যবস্থায় কর্মীরা চাইলে তাদের কর্মস্থল বা নিয়োগকর্তা পরিবর্তন করতে পারবেন, যার জন্য আগের কফিলের ছাড়পত্রের প্রয়োজন হবে না। বর্তমানে যারা এএসইজেডএ (ASEZDA) জোনে কর্মরত আছেন, তারা বর্তমান বা নতুন নিয়োগকর্তার সঙ্গে ওয়ার্ক পারমিট নবায়নের ক্ষেত্রে আগের বিলম্বজনিত সব জরিমানা মওকুফের সুযোগ পাবেন। তবে এজন্য নতুন ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করতে হবে। এছাড়া, যারা ওমান ত্যাগ করে নিজ দেশে ফিরে যেতে ইচ্ছুক, তাদের ক্ষেত্রেও প্রযোজ্য সব জরিমানা মওকুফ করা হবে।

কর্মীদের সর্বোচ্চ সুবিধা দেওয়ার লক্ষ্যে এএসইজেডএ কর্তৃপক্ষ তাদের নিয়মিত অফিসের সময়ের বাইরেও সেবা প্রদানের ব্যবস্থা করেছে। এখন থেকে রবি থেকে বৃহস্পতিবার সকাল ৮টা ৩০ মিনিট থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এবং শনিবার সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত সেবা পাওয়া যাবে। উল্লেখ্য, পূর্বে যারা এমন সুযোগ গ্রহণ করেছিলেন, তারাও পুনরায় এই বৈধকরণ প্রক্রিয়ার জন্য আবেদন করতে পারবেন।

এই সংক্রান্ত আরও বিস্তারিত তথ্যের জন্য সরাসরি এএসইজেডএ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করতে পরামর্শ দেওয়া হয়েছে। পরবর্তীতে কোনো নতুন নির্দেশনা পাওয়া গেলে তা দূতাবাসের মাধ্যমে প্রবাসীদের জানিয়ে দেওয়া হবে বলে নিশ্চিত করা হয়েছে।