১১ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

দেশে ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ মৃত্যু, মোট প্রাণহানি ৪০০ ছাড়াল

Published: October 27, 2026, 5:17 pm

ডেঙ্গু পরিস্থিতির চরম অবনতি অব্যাহত রয়েছে। সর্বশেষ ২৪ ঘণ্টায় ভাইরাসটিতে আক্রান্ত হয়ে দেশে ১১ জনের মৃত্যু হয়েছে, যা চলতি মৌসুমে একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। এর আগে গত ৬ ও ১৫ অক্টোবর একদিনে সর্বোচ্চ ১০ জন করে মারা যাওয়ার তথ্য পাওয়া গিয়েছিল। নতুন এই ১১ জনসহ চলতি বছর দেশে ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪০০ জনে। এবার ২৪ ঘণ্টায় ১১ জনের মৃত্যু হওয়ায় সেই রেকর্ড ছাড়িয়ে গেল।

মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে জানানো হয়, সোমবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ২ হাজার ৭১ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত মোট ১ লাখ ২৮ হাজার ২৩৭ জন আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়েছেন। এদের মধ্যে বর্তমানে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ২১ হাজার ৪২২ জন। মঙ্গলবার (২৭ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত বুলেটিনে এ তথ্য জানানো হয়।

তথ্য পর্যালোচনায় দেখা যায়, চলতি বছরের অক্টোবর মাসেই সবচেয়ে বেশি ১৫৫ জনের মৃত্যু হয়েছে। এছাড়া সেপ্টেম্বরে ১৪৮ জন, আগস্টে ৪৩ জন, জুলাইয়ে ৩৬ জন, জুনে ১৩ জন, মে মাসে একজন এবং বছরের শুরুতে জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে দুজন করে রোগী মারা গেছেন। স্বাস্থ্যসেবা সংশ্লিষ্টরা পরিস্থিতি নিয়ন্ত্রণে সর্বাত্মক প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করছেন।