
বাংলাদেশ সেনাবাহিনী পরিচালিত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর (ক্যাডেট কলেজ ব্যতীত) উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। শনিবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৫১টি প্রতিষ্ঠান থেকে ১৮ হাজার ৪০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছিল। এর মধ্যে কৃতকার্য হয়েছে ১৭ হাজার ৪১০ জন শিক্ষার্থী।
সামগ্রিকভাবে এসব প্রতিষ্ঠানে পাসের হার ৯৬ দশমিক ৫১ শতাংশ। সফল শিক্ষার্থীদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৩ হাজার ৬১৯ জন, যা কৃতকার্যদের মোট সংখ্যার ২০ দশমিক ৭৯ শতাংশ। বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে যে, অংশগ্রহণকারীদের মধ্যে ৩৯টি বাংলা মাধ্যম প্রতিষ্ঠান থেকে ১৭ হাজার ২১৩ জন এবং ১২টি ইংরেজি মাধ্যম প্রতিষ্ঠান থেকে ৮২৭ জন শিক্ষার্থী ছিল।





