নেত্রকোণার কলমাকান্দায় ৩ বছরের শিশু জান্নাতুল হত্যা মামলার বাদী ও সাক্ষীদের প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে আসামিদের বিরুদ্ধে। রোববার (১ নভেম্বর) নেত্রকোণা জেলা প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলেনে মামলার বাদি আর্শাদ মিয়া এই অভিযোগ করেন। এ সময় শিশুটির মা ইয়াসমীন আক্তার, পরিবারের অন্যান্য সদস্য ও স্বজনরা উপস্থিত ছিলেন।
সম্মেলনে আর্শাদ মিয়াসহ অন্যরা বক্তব্য রাখেন। তারা বলেন, মামলায় গ্রেপ্তার হওয়া ৫ আসামি জামিনে মুক্ত আছেন। তারা মামলার বাদি, পরিবারের সদস্য, এমনকি মামলার সাক্ষীদের বিভিন্নভাবে ভয়-ভীতি দেখাচ্ছেন। মামলার তদবির না করার কথা বলছেন। কথা না মানলে প্রাণে মেরে ফেলা হবে বলে হুমকী দিচ্ছেন। আমরা নিরাপত্তহীনতায় আছি।
আর্শাদ মিয়ার আরো অভিযোগ, মামলার দৃশ্যমান অগ্রগতি নাই। এ ব্যাপারে ডেুপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালসহ সরকারের সংশ্লিষ্ট সকলের সদয় দৃষ্টি কামনা করেছেন তিনি। মা ইয়াসমীন আক্তার বলেন, আমরা আমাদের সন্তান হত্যার ন্যায় বিচার চাই।
উল্লেখ্য, গত ৪ মে বিকালে নিখোঁজ হয় তিনবছরের শিশু জান্নাতুল। দুইদিন পর ৬ মে সকালে উপজেলার কৈলাটি ইউনিয়নের হুগলী গ্রামের একটি ধানক্ষেত থেকে মুখে গামছা দিয়ে বাঁধা অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়। আর্শাদ মিয়া এই গ্রামের বাসিন্দা।





