
বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যকার উচ্চশিক্ষা ও গবেষণার ক্ষেত্র প্রসারিত করতে অস্ট্রেলিয়া সফর করেছেন আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশের (এআইইউবি) প্রতিষ্ঠাতা সদস্য এবং বোর্ড অব ট্রাস্টিজের ভাইস চেয়ারম্যান ইশতিয়াক আবেদীন। তিনি অ্যাসোসিয়েশন অব প্রাইভেট ইউনিভার্সিটিজ অব বাংলাদেশের (এপিইউবি) সেক্রেটারি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করছেন। বাংলাদেশের উচ্চশিক্ষা খাতের উচ্চপর্যায়ের একটি প্রতিনিধিদলের অংশ হিসেবে এই সফরে তিনি দুই দেশের শিক্ষাপ্রতিষ্ঠানের পারস্পরিক সম্পর্ক উন্নয়ন, যৌথ গবেষণা কার্যক্রম, ট্রান্সন্যাশনাল এডুকেশন এবং প্রাতিষ্ঠানিক অংশীদারত্বের নানা দিক নিয়ে আলোকপাত করেন।
সফরের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে ইশতিয়াক আবেদীন সিডনিতে অবস্থিত অস্ট্রেলিয়ার বাণিজ্য ও বিনিয়োগবিষয়ক সরকারি সংস্থা ‘অস্ট্রেড’ কার্যালয়ে দেশটির শিক্ষা প্রতিনিধিদের সাথে বৈঠক করেন। এ সময় অস্ট্রেডের প্রতিনিধি এলোদি জুরনে, ভিক সিং, মোস্তাফিজুর রহমান ও স্যান্ডি সেনেভিরতের সাথে তার আলোচনা হয়। আলোচনায় দুই দেশের বিশ্ববিদ্যালয়ের মধ্যে দক্ষতা উন্নয়ন এবং নতুন সহযোগিতার ক্ষেত্রগুলো চিহ্নিত করার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। একই সঙ্গে তিনি অস্ট্রেলিয়া বাংলাদেশ বিজনেস ফোরামের (এবিবিএফ) প্রতিনিধিদের সাথেও মতবিনিময় করেন, যেখানে উচ্চশিক্ষার প্রসারে সমন্বিত উদ্যোগ নিয়ে আলোচনা করা হয়।
সিডনির ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে আয়োজিত ‘অস্ট্রেলিয়ান ইন্টারন্যাশনাল এডুকেশন কনফারেন্স (এআইইসি) ২০২৬’-এ অংশ নিয়ে বিশ্বজুড়ে আন্তর্জাতিক শিক্ষা খাতের বর্তমান ও ভবিষ্যতের গতিপ্রকৃতি নিয়ে বিশদ পর্যালোচনা করা হয়েছে। এই সম্মেলনে বিভিন্ন দেশের প্রতিনিধিরা নতুন শিক্ষাক্রম ও অংশীদারত্বের সম্ভাবনা নিয়ে মতবিনিময় করেন। এআইইউবির জনসংযোগ কর্মকর্তা সাদি ইসলামও প্রতিনিধিদলের একজন সদস্য হিসেবে পুরো কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।
এই দ্বিপাক্ষিক সফরটি বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে দীর্ঘমেয়াদি সম্পর্ক স্থাপনের একটি শক্তিশালী মাধ্যম হিসেবে বিবেচিত হচ্ছে। বিশেষ করে শিক্ষক ও শিক্ষার্থী বিনিময় কর্মসূচির মাধ্যমে উভয় দেশই তাদের একাডেমিক সক্ষমতা বৃদ্ধির সুযোগ পাবে। উচ্চশিক্ষা ক্ষেত্রে এই নতুন অংশীদারত্ব বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য নতুন দ্বার উন্মোচন করবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।





